বাইবেল · Indian Revised Version (Bengali)

গীতসংহিতা 99

1 সদাপ্রভুু রাজত্ব করেন, জাতিরা কাঁপছে; তিনি করূবদের ওপরে সিংহাসনে বসে আছেন, পৃথিবী টলছে।

2 সদাপ্রভুু সিয়োনে মহান, তিনি সমস্ত জাতির উপরে উন্নত।

3 তারা তোমার মহান ও ভয়াবহ নামের প্রশংসা করুক; তিনি পবিত্র।

4 বলবান রাজা ন্যায় ভালবাসেন; তুমি সুবিচার প্রতিষ্ঠা করেছ, তুমি যাকোবের মধ্যে ন্যায় ও ধার্ম্মিকতা তৈরী করেছ।

5 তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুুর প্রশংসা কর ও তার পাদপীঠের সামনে আরাধনা কর; তিনি পবিত্র।

6 তার যাজকদের মধ্যে মোশি ও হারোণ এবং যারা তার নামে ডাকেন, তাদের মধ্যে শমূয়েল; তারা সদাপ্রভুুকে ডাকতেন এবং তিনি উত্তর দিতেন।

7 তিনি মেঘের থামের থেকে তাদের কাছে কথা বলতেন; তারা তার গুরুত্বপূর্ণ আদেশ ও নিয়মগুলি পালন করতেন যা তিনি তাদের দিয়েছিলেন।

8 হে সদাপ্রভুু, আমাদের ঈশ্বর তুমিই তাদেরকে উত্তর দিয়েছিলে, তুমি সেই ঈশ্বর যিনি তাদের ক্ষমা করেছিলে, যদিও তুমি তাদের পাপজনক কাজের শাস্তি দিয়েছিলে।

9 আমাদের ঈশ্বর সদাপ্রভুুর প্রশংসা কর এবং তার পবিত্র পর্বতের সামনে আরাধনা কর; কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভুু পবিত্র।

Indian Revised Version (Bengali) — © 2017, 2019 Bridge Connectivity Solutions — CC BY-SA 4.0